অস্থিরতাহীনতা বা প্রশান্তি লাভ
সুমনপাল ভিক্ষু
ভগবান বুদ্ধ একবার বলেছিলেন: হে ভিক্ষুগণ, কীভাবে অনাসক্ত মুক্তির মাধ্যমে চিত্তের অস্থিরতাহীনতা বা প্রশান্তি লাভ করা যায়?
এ বিষয়ে, হে ভিক্ষুগণ, একজন বিজ্ঞ সাধারণ মানুষ—যিনি কোনো আর্য বা মহাপুরুষের বন্ধু এবং তাঁর ধর্মে সুশিক্ষিত ও বিচক্ষণ—তিনি রূপকে 'আত্মা' বলে মনে করেন না; তিনি আত্মাকে 'রূপযুক্ত' বলে মনে করেন না; তিনি রূপকে আত্মার 'অন্তর্গত' বা আত্মাকে রূপের 'অন্তর্গত' বলেও মনে করেন না। এরপর অনিবার্যভাবেই তাঁর শারীরিক রূপ পরিবর্তিত ও জরাজীর্ণ হতে থাকে। যখন তাঁর এই বস্তুগত রূপের পরিবর্তন ও ক্ষয় ঘটে, তখন কেবল রূপের এই পরিবর্তনের কারণে তাঁর মন আচ্ছন্ন বা আসক্ত হয়ে পড়ে না! ফলে, পরিবর্তিত এই ভৌত শরীরের রূপ নিয়ে দুশ্চিন্তা থেকে সৃষ্ট কোনো অস্থির মানসিক অবস্থা তাঁর মনকে আচ্ছন্ন করে রাখে না।
যেহেতু তাঁর মন আচ্ছন্ন বা আসক্ত থাকে না, তাই তিনি ভীত, ব্যথিত বা উদ্বিগ্ন হন না; এবং এই অনাসক্ত ও অ-আবদ্ধ থাকার ফলে তাঁর অন্তরের সমস্ত অস্থিরতা প্রশমিত হয়ে যায়!
তিনি বেদনাকে আত্মা বলে মনে করেন না, সংজ্ঞাকে আত্মা বলে মনে করেন না,সংস্কার বা মানসিক গঠনকে আত্মা বলে মনে করেন না, বিজ্ঞান বা চেতনাকে আত্মা বলে মনে করেন না; তিনি আত্মাকে চেতনাযুক্ত বা চেতনাকে আত্মার অন্তর্গত কিংবা আত্মাকে চেতনার অন্তর্গত বলেও মনে করেন না, যখন তাঁর চেতনা ক্ষণিকের জন্য পরিবর্তিত ও রূপান্তরিত হয়, তখন চেতনা-সংক্রান্ত সেই ক্ষণস্থায়ী পরিবর্তনের সাথে তাঁর মন জড়িয়ে পড়ে না। ফলে, পরিবর্তনশীল এই চেতনা নিয়ে দুশ্চিন্তা থেকে সৃষ্ট কোনো অস্থির মানসিক অবস্থা তাঁর মনকে আচ্ছন্ন করে রাখে না। যেহেতু এই বা অন্য যেকোনো পরিবর্তনের কারণে তাঁর মন আচ্ছন্ন, বিচলিত, ব্যতিব্যস্ত বা অস্বস্তিবোধ করে না, তাই এই নির্লিপ্ত ও অনাসক্ত অবস্থান—নানা পরিবর্তনের সঙ্গে জড়িত তাঁর পূর্ববর্তী সমস্ত অস্থিরতাকে প্রশমিত, শান্ত ও বিলীন করে দেয়, ঠিক এভাবেই, হে বন্ধুগণ, অনাসক্তি, বর্জন এবং অ-আবদ্ধ থাকার মাধ্যমে চিত্তের অস্থিরতাহীনতা বা প্রশান্তি লাভ করা যায়।
No comments:
Post a Comment