চরমপন্থা পরিহার শান্তির পথ সুগম করা
সুমনপাল ভিক্ষু
ভগবান বুদ্ধ একবার ব্যাখ্যা করেছিলেন: দুটি চরম পন্থা রয়েছে যা আত্মশুদ্ধির পথে ব্রতী কোনো ব্যক্তিরই অনুসরণ করা উচিত নয়: প্রথমটি হলো ইন্দ্রিয়সুখের অন্বেষণ—যা হীন, অমার্জিত, সাধারণ জাগতিক মানুষের পথ, অনার্যসুলভ ও অকল্যাণকর; এবং দ্বিতীয়টি হলো আত্মপীড়ন বা কঠোর কায়িক ক্লেশদান—যা বেদনাদায়ক, অনার্যসুলভ এবং অত্যন্ত অকল্যাণকর! এই দুই চরমপন্থার কোনোটির দিকেই না ঝুঁকে, সুগত বুদ্ধ এই 'মধ্যপন্থা'র (মজ্ঝিম পটিপদা) সন্ধান পেয়েছেন—যা নিশ্চিত দর্শন ও প্রত্যক্ষ জ্ঞানের দিকে নিয়ে যায়; যা স্বস্তি, শান্তি, সুনিশ্চিত জ্ঞান, বোধি এবং নির্বাণের পথ প্রদর্শন করে, সেই মধ্যপন্থাটি কী, যা বুদ্ধ আবিষ্কার করেছেন এবং যা নিশ্চিত দর্শন,
প্রত্যক্ষ জ্ঞান, স্বস্তি, শান্তি, সুনিশ্চিত জ্ঞান, বোধি ও নির্বাণের দিকে নিয়ে যায়? তা হলো এই 'আর্য অষ্টাঙ্গিক মার্গ': অর্থাৎ—
সম্যক দৃষ্টি
সম্যক সংকল্প
সম্যক বাক্য
সম্যক কর্মান্ত
সম্যক জীবিকা
সম্যক ব্যায়াম (প্রচেষ্টা)
সম্যক স্মৃতি
সম্যক সমাধি
বস্তুত, ভগবান বুদ্ধ এই মধ্যপন্থাই আবিষ্কার করেছেন, যা নিশ্চিত দর্শন ও প্রত্যক্ষ জ্ঞানের দিকে নিয়ে যায়;
যা স্বস্তি, সুনিশ্চিত জ্ঞান, শান্তি, পরম সুখ, বোধি ও নির্বাণের পথ প্রদর্শন করে।
No comments:
Post a Comment