ইন্দ্রিয়-সুখের আকাঙ্ক্ষা দুঃখের কারণ
সুমনপাল ভিক্ষু
ভগবান বুদ্ধ একবার বলেছিলেন:
সত্যিই, ইন্দ্রিয়-সুখের আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে—সেই আকাঙ্ক্ষা দ্বারা তাড়িত ও প্ররোচিত হয়ে—রাজারা রাজাদের সঙ্গে, রাজপুত্ররা রাজপুত্রদের সঙ্গ, পুরোহিতরা পুরোহিতদের সঙ্গে এবং নাগরিকরা নাগরিকদের সঙ্গে বিবাদে লিপ্ত হয়; মা-ছেলের মধ্যে, বাবা-ছেলের মধ্যে, ভাই-ভাইয়ের মধ্যে, ভাই-বোনের মধ্যে এমনকি বন্ধুর সাথে বন্ধুরও বিবাদ ও সংঘাত ঘটে।
এভাবে বিবাদ ও শত্রুতার আবর্তে পড়ে তারা একে অপরের ওপর মুষ্টি, লাঠি বা অস্ত্র দিয়ে আক্রমণ চালায়; আর তার ফলে তারা মৃত্যু বা প্রাণঘাতী যন্ত্রণার শিকার হয়।
তাছাড়া, এই ইন্দ্রিয়-সুখের আকাঙ্ক্ষার কারণেই মানুষ অন্যের ঘরে হানা দেয়, চুরি-ডাকাতি ও লুটতরাজ চালায়, পুরো গ্রাম ধ্বংস করে, পথেঘাটে ডাকাতি করে এবং অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে। তখন শাসকরা তাদের ধরে ফেলে এবং নানাবিধ শাস্তি প্রদান করে; যার ফলে তারা মৃত্যু বা চরম যন্ত্রণার সম্মুখীন হয়! ইন্দ্রিয়-সুখের আকাঙ্ক্ষার পরিণাম এমনই—ক্ষণস্থায়ী ও তুচ্ছ সুখের লোভে বর্তমান জীবনে কেবল দুঃখের বোঝা বৃদ্ধি পায় অধিকন্তু, মানুষ তখন অশুভ আচরণ, বাক্য ও চিন্তাকে আপন করে নেয়! ফলে, মৃত্যুর পর শরীর ধ্বংস হলে তারা এক শোচনীয় ও যন্ত্রণাদায়ক অবস্থায়—এমনকি নরকের অগ্নিকুণ্ডে—নিপতিত হয়, ক্ষণস্থায়ী ও সাধারণ ইন্দ্রিয়-সুখের আকাঙ্ক্ষা এভাবেই ভবিষ্যতের জন্য দুঃখের পাহাড় গড়ে তোলে, এই সমস্ত দুঃখ-কষ্টের মূলে রয়েছে ইন্দ্রিয়-সুখের আকাঙ্ক্ষা,
যেকোনো আকাঙ্ক্ষাই দুঃখের কারণ!
এ জগতে আসক্তিহীন হওয়া পরম সুখের; সমস্ত ইন্দ্রিয়-কামনা জয় করাই পরম সুখ!
উদান ২, ১
জীবেরা ইন্দ্রিয়-সুখের প্রতি আকৃষ্ট হয় এবং তার দ্বারা গ্রাসিত হয়—ঠিক যেমন পতঙ্গ আগুনের শিখার দিকে ছুটে যায়।
No comments:
Post a Comment